২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরণপোষণ না পেয়ে বাবার মামলা, সন্তানদের তলব

জমি লিখে নেওয়ার পর ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে সাভারের এক বৃদ্ধের করা মামলায় তার তিন  ছেলে ও এক মেয়েকে তলব করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 06:09 PM

Updated : 25 Apr 2022, 04:59 PM

গত রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন সাভারের ভাটপাড়ার বাসিন্দা মো. হাসেম আলী (৭১)।

ওই দিনই বাদীর বক্তব্য শুনে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ বিষয়টি মঙ্গলবার জানা গেছে।

 বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা জানান, আসামিদের আগামী ৩০ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক।

আসামিরা হলেন- হাসেম আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), আবুল হোসেন (৪০), আলমগীর হোসেন (২৫) ও তার মেয়ে রাশিদা আক্তার (৩০)।

মামলায় বলা হয়েছে, ২০০৮ সালে স্ত্রী মারা যাওয়ার পর চার ছেলে-মেয়েকে নিয়ে ভাটপাড়ার এ/৩৮ নম্বর বাড়িতে বসবাস করছিলেন হাসেম আলী। এক পর্যায়ে মেয়ের বিয়ে হয়ে যায়।

পরে হাসেমের কাছ থেকে তার নিজের ৬ শতাংশ সম্পত্তির মধ্যে তিন ছেলে ৪ শতক এবং মেয়ে ২ শতক সম্পত্তি কৌশলে লিখে নেয়। পরে আসামিরা তাদের বাবাকে ভরণপোষণ না দিয়ে গত ১২ সেপ্টেম্বর বাড়ি থেকে বের করে দেয়।

“গত ১৯ সেপ্টেম্বরে হাসেম আলী ছেলে-মেয়েদের সঙ্গে সালিশ মীমাংসায় বসলে আসামিরা সাফ জানিয়ে দেয়, তারা আর বাবাকে তাদের সংসারে পুষতে পারবে না।”

মামলায় চার জনকে সাক্ষী রাখা হয়েছে।

বাবা-মার ভরণপোষণ না দিলে জেল-জরিমানার বিধান রেখে গতবছর নতুন আইন করে সরকার।

আইনে বলা হয়েছে, ভরণ-পোষণে ব্যর্থতার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড হবে, তা দিতে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে।

কোনো সন্তানের স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় এ দায়িত্ব পালনে বাধা দিলে তারাও একই অপরাধে অপরাধী হবেন এবং একই শাস্তি পাবেন।