রাষ্ট্রপতির সঙ্গে ফজলে হাসান আবেদের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাক’র চেয়ারপারসন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ।
সোমবার বিকেলে ফজলে হাসান আবেদ বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।
সাক্ষাতের সময় ব্র্যাকের চেয়ারপারসন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন। রাষ্ট্রপতিকে ওই সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।
এ সময় ফজলে হাসান আবেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি তাকে আমন্ত্রণের জন্য ব্র্যাকের চেয়ারপার্সনকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানোর জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেনেন্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ জানান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
সাক্ষাতের সময় পিএসও আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি এ সময় সশস্ত্র বাহিনী দিবসের সার্বিক সাফল্য কামনা করেন।
ব্র্যাকের চেয়ারপার্সন ও সশস্ত্র বাহিনীর পিএসও’র সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
