সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আবদুস সুবহানের মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।
মামলার আইনি দিক নিয়ে সোমবার প্রসিকিউটর জেয়াদ আল মালুমের যুক্তি উপস্থাপন শেষ করার মধ্য দিয়ে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হয়।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার এরপর আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করেছে।তাদের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায়ই শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।
সুবহানের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ মোট চারজন প্রসিকিউটর মোট আটদিন ধরে যুক্তি উপস্থাপন করেন।
চিফ প্রসিকিউটর সূচনা করার পরে ঐতিহাসিক পটভূমি ও অভিযুক্তের পরিচয় নিয়ে আলোচনব করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। মামলার অভিযোগগুলোর বিষয়ে সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণ নিয়ে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
অন্যদিকে আসামিপক্ষে যুক্তি উপস্থাপনে মিজানুল ইসলামকে সহযোগিতা করেন এহসান এ সিদ্দিক, এস এম শাহজাহান, রায়হানুল ইসলাম ও আব্দুস সাত্তার পালোয়ান।
গত ১৫ অক্টোবর আসামির পক্ষে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না বলে ট্রা্ইব্যুনালকে জানান আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।
এরপর ট্রাইব্যুনাল মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে মামলার সর্বশেষ কার্যক্রম যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে দেয়। ৫ নভেম্বর থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে মামালায় রায়ের জন্য করা হবে।
জামায়াত নেতা আব্দুস সুবহান।
এবছরের ৭ এপ্রিল সুবহানের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
সুবহানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ ত ম শাহিদুজ্জামান নাসিম, শহীদপুত্র মুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা, মো. আবু আসাদ, রুস্তম আলী, মো. ইসরাইল, কোরবান আলী, শহীদ জায়া জাহানারা বেগম, আশরাফ উদ্দিন মিয়া, মো. রিয়াজ উদ্দিন মন্ডল, সানোয়ারা খাতুন, মো. ফজলুর রহমান ফান্টু, আব্দুর রহমান সরদার, শহীদ পরিবারের সদস্য মো. আব্দুল মতিন, মোঃ আজিজুল সরদার, মমতাজ উদ্দিন মন্টু, আক্কাছ শেখ, শহীদপুত্র আলী রানা শেখ, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন খান, হোসেন সরদার, মুক্তিযোদ্ধা ও শহীদপুত্র মো. শহিদুল্লাহ শহিদ, এসএম সামছুল আলম, মো. খোরশেদ আলম, শহীদপুত্র মো. সামছুল আলম, আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ ফজলুল হক এবং এস কে শহীদুল্লাহ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার গ্রন্থাগারিক আনিসুর রহমান, বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া, দুই তদন্ত কর্মকর্তা মতিউর রহমান ও মো. নূর হোসাইন।
অন্যদিকে সুবহানের পক্ষে ৩ জন সাক্ষী সাফাই সাক্ষ্য দেবেন বলে ট্রাইব্যুনাল নির্ধারণ করে দিলেও কোনো সাফাই সাক্ষী হাজির করেননি আসামিপক্ষ।
গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচারপতি এটিএম ফজলে কাঈরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।
গত ১ এপ্রিল সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।
গত বছরের ২৩ অক্টোবর ও ২৪ নভেম্বর অভিযোগ গঠনের বিপক্ষে ও অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষে শুনানি করেন সুবহানের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান।
অন্যদিকে ৯ অক্টোবর অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।
গত বছরের ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর পাবনা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়
