২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিনিরাপত্তা না থাকায় চট্টগ্রামে কারখানা সিলগালা

অগ্নিনির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় চট্টগ্রামে একটি পোশাক কারখানা সীলগালা করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:56 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার বিকালে নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের বাকের আলী ফকির টেক এলাকায় ‘গ্রান্ড অ্যাপরেলস লিমিটেড’ নামে পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানাও করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনতলা বিশিষ্ট এ কারখানাটিতে প্রায় ৪০০ জন শ্রমিক কাজ করে। কারখানাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ও কোনো ধরনের অগ্নিনির্বাপন ব্যবস্থাও নেই।

সরু গলির ভেতর অবস্থিত কারখানাটিতে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি প্রবেশের সুযোগ নেই উল্লেখ করে আসিফ বলেন, “সেখানে বিকল্প কোনো সিঁড়ি নেই।”

কারখানাটি ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া চলছে জানিয়ে তিনি বলেন, যে কয়টি অগ্নিনির্বাপক যন্ত্র আছে তার সবকটি মেয়াদোত্তীর্ণ।

অগ্নিনির্বাপন আইনের চার ধারা লঙ্ঘনের অপরাধে ১৭ ধারায় কারখানাটি সীলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, “কারাখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের নিবন্ধন নেওয়ার জন্য মঙ্গলবার আবেদন করবে বলে আমাদের জানিয়েছে।”

সব শর্ত পূরণ করা হলে কারখানাটি আবার খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।