পঞ্চগড়ে রিকশা-ভ্যান ধর্মঘট
অটোরিকশা ও মিনিবাসের যাত্রী ওঠা-নামার স্থান নির্ধারণ করে দেওয়ার দাবিতে পঞ্চগড় শহরে রিকশা ও রিকশাভ্যান চলাচল বন্ধ রেখেছেন মালিক ও চালকরা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জানান, অনেকদিন ধরেই শহরের যত্রতত্র মিনিবাস, অটোরিকশা, ইজিবাইক থামিয়ে অথবা অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে।
“এর ফলে আমাদের সংগঠনের সদস্য প্রায় সাত হাজার রিকশা ও ভ্যান শ্রমিকের আয় কমে গেছে। তারা মানবেতর জীবনযাপন করছে।”
বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলেও কোনো কাজ হয়নি জানিয়ে শহিদুল বলেন, “বাধ্য হয়েই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।”
এদিকে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ থাকায় স্বল্প দূরত্বের যাত্রী, বিশেষ করে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়েছেন।
মসজিদ পাড়ার আব্দুর রহমান জানান, ধর্মঘটের কারণে পরীক্ষার্থী মেয়েকে নিয়ে আধাঘণ্টা আগে বাড়ি থেকে বের হতে হয়েছেন।
শহরের কাঁচাবাজারের ব্যবসায়ী শামসুল আলম জানান, স্বল্প দূরত্বে মূলত ভ্যানে করেই মালামাল আনা-নেওয়া করা হয়। কিন্তু ভ্যান না চলায় পাইকাররা ভোগান্তিতে পড়েছেন।
পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ধর্মঘট প্রত্যাহার ও সমস্যা সমাধানে আলোচনা হচ্ছে।
শহরের চৌরঙ্গী মোড়ের মৌচাক হোটেল ও সরকারি অডিটোরিয়ামের সামনে এবং বানিয়াপাড়াসহ বিভিন্ন স্থানে মিনিবাস, অটোরিকশা, ইজিবাইক থামানোয় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে।
