‘গণতন্ত্রের সুদৃঢ় ভিতের জন্যই এ বিজয়’
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের ‘সুদৃঢ়’ ভিত্তিই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) নির্বাচনে বাংলাদেশকে জয় এনে দিয়েছে।
সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত সংবর্ধনায় একথা বলেন তিনি।
স্পিকার বলেন, “বাংলাদেশে অব্যাহত গণতন্ত্রের ধারা এবং এর সুদৃঢ় ভিতের কারণে এ বিজয় অর্জিত হয়েছে।”
গত ৯ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদেতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬০তম সম্মেলনে সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন নির্বাচিত হন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন।
এরপর ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৩১তম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
সিপিএ এবং আইপিইউতে বাংলাদেশের বিজয়কে একটি ‘মাইলফলক’ আখ্যা দিয়ে স্পিকার বলেন, “বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় ফোরামে নেতৃত্ব দিতে পারা বাংলাদেশের জন্য বিরাট অর্জন। আর এ অর্জনের মূলে রয়েছে দেশের জনগণ। এ বিজয় জনগণের।”
‘দেশে গণতন্ত্রের ভিত মজবুত’ উল্লেখ করে তিনি আরো বলেন, “দশম জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখছে। সরকার-বিরোধী-স্বতন্ত্র সব সংসদ সদস্য সক্রিয় অংশগ্রহণ করছেন। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জনগণের জীবনমানের উন্নয়নসহ সব লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সংসদ কাজ করছে।”
আন্তর্জাতিক সংসদীয় ফোরামের নেতৃত্বে আসায় বাংলাদেশ গণতন্ত্র-সুশাসন-মানবাধিকার নিয়ে সমন্বিতভাবে কাজ করতে পারবে বলেও মনে করেন শিরীন শারমিন।
“আমাদের অর্থনৈতিক সূচক ইতিবাচক। রিজার্ভ-রেমিটেন্স সব কিছুতেই আমাদের সফলতা রয়েছে। মানব সম্পদ উন্নয়নে আমরা অগ্রসর। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রেও আমাদের সফলতা রয়েছে।”
“অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে আমরা অগ্রসর হচ্ছি তা পৃথিবীর বিভিন্ন দেশ জানতে চায়,” বলেন তিনি।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন স্পিকার।
অনুষ্ঠানে জনস্বাস্থ্যের উন্নয়নে আরো কার্যকর পদক্ষেপ নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান বিএসএমএমইউ’র সাবেক সিন্ডিকেট সদস্য শিরীন শারমিন।
“মাতৃ ও শিশু মৃত্যু রোধে আমাদের সফলতার পেছনে কাজ করেছেন আপনারা। পাবলিক হেলথ নিয়ে আরো সচেতনতার প্রয়োজন আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি; কিন্তু রোগ প্রতিরোধে কি কাজ করছি?”
বিএসএমএমইউ’র উপাচার্য প্রাণ গোপাল দত্তর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (প্রশাসন) মো. শহীদুল্লাহ, সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়া, সিন্ডিকেট সদস্য ও বিএমএ মহাসচিব এম. ইকবাল আর্সলান।
