চট্টগ্রামে চৈতী হত্যার ঘটনায় তার প্রেমিক গ্রেপ্তার
চট্টগ্রামের ইপিজেড এলাকায় খুন হওয়া চৈতীর হত্যাকারী প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইব্রাহীম ওরফে ইব্রাহীম ড্রাইভার (৪২) যশোরের মনিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের মো. চাঁদ আলীর ছেলে।
ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, রোববার রাতে ঢাকার আমিন বাজার থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইব্রাহীমের মালিকানাধীন বাস বিক্রির টাকা নিয়ে ঝগড়ার জেরে চৈতীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের বড়বোন সাবিনা আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা করেন।
ওসি আবুল মনছুর বলেন, চৈতীর সঙ্গে এক বছর ধরে বাসচালক ইব্রাহীমের প্রেমের সম্পর্ক ছিল এবং কাজীপাড়ায় ওই নারীর বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল।
“প্রায় এক বছর আগে ইব্রাহীম এক ব্যক্তির কাছ থেকে ছয় লাখ ২৫ হাজার টাকায় চৈতীর নামে একটি বাস কিনে। পরে চৈতী ইব্রাহীমের অনুমতি ছাড়াই বাসটি বিক্রি করে অর্থ নিজের কাছে রেখে দেন। এ ঘটনায় ইব্রাহীম ও চৈতীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, ইব্রাহীম গত ১৯ অগাস্ট রাতে চৈতীর বাসায় যায়। চৈতীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে লাথি মেরে ফেলে দেয় ইব্রাহীম এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে ফেলে রাখে।
“চৈতীর মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে ইব্রাহীমকে সন্দেহ করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আমিন বাজার থেকে তাকে ধরা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চৈতীকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
