পরিবহন ধর্মঘটে অচল চট্টগ্রাম, ভোগান্তি
পাঁচ দফা দাবিতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিবহন ধর্মঘটে চট্টগ্রামসহ কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পাঁচ জেলায় ধর্মঘট চালানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এদিকে দাবির বিষয়ে আলোচনা জন্য দুপুর ১২টায় ফেডারেশনের নেতাদের চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে বৈঠকে ডাকা হয়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে পাঁচ জেলার ৬৪ রুট এবং নগরীর ১১ রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ আছে। গণপরিবহনসহ বন্ধ রয়েছে পণ্যবাহী পরিবহন চলাচলও।
চট্টগ্রাম জেলা পুলিশের সুপার কে এম হাফিজ আক্তার জানান, সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় গণপরিবহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে ধর্মঘট আহ্বানকারী শ্রমিকরা। তবে পুলিশের হস্তক্ষেপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্য কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহদ্দারহাটে কয়েকটি গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়। পরে পরীক্ষার্থী বহনকারী বলায় আর সমস্যা হয়নি। কক্সবাজার রুটে কিছু ছোট আকারের গাড়ি চলছে।”
জেলা পর্যায়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ছোট আকারের কিছু পরিবহন চলছে বলেও পুলিশের দাবি।
নগরীতে ও জেলা ব্যক্তি মালিকানাধীন যানবাহন ও রিকশা চলাচল করতে দেখা গেছে।
পুলিশ সুপার বলেন, “বেলা ১২টায় সিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমাদের প্রতিনিধিও থাকবে।”
এদিকে যানবাহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসির বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গণপরিবহন না থাকায় রিকশা-অটোরিকশায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।”
আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ধর্মঘট ডেকেছে শ্রমিকরা। সুতরাং এ বিষয়ে মালিকপপক্ষের কোনো বক্তব্য নেই।
“জেলার রুটগুলোতে আমাদের সমিতির কোনো গাড়ি চলাচলের চেষ্টা করেনি। তাই বাধা দেয়ার বিষয়ও নেই। প্রশাসন বৈঠক করলে শ্রমিকদের সাথে করবে। আমাদের ডাকেনি। আমাদের আগ্রহও নেই।”
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম সিটি বাস মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, “ধর্মঘটে আমাদের সমর্থন আছে। না হলে ধর্মঘট হচ্ছে কীভাবে। শ্রমিকদের কর্মসূচি, তাই বাধা দেওয়ারও প্রশ্ন আসে না।”
ফেডারেশনের দাবিগুলো হলো- অবিলম্বে সড়ক মহাসড়ক সংস্কার, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, শ্রমিকদের ওপর হয়রানি-চাঁদাবাজি-নির্যাতন বন্ধ করা, দুর্ঘটনা সংশ্লিষ্ট অন্যদের বাদ দিয়ে শুধুমাত্র চালকদের দায়ী করে শাস্তি বাড়ানোর প্রস্তাব বাতিল এবং অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
