টেকনাফে ৩ ‘দালাল’ আটক, ৪ যুবক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরের উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়ি পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও চার যুবককে উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের লে. কর্ণেল মো. আবু জার আল জাহিদ জানান, শনিবার সাবরাং বিওপির সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে কোয়াইনছড়ি পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ওই বাড়ির মালিক খুল্যা মিয়া (৩৮), একই এলাকার মৃত মীর আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৫) ও উখিয়ার পালংখালির নুরুজ্জামানকে (৪০) আটক করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।
তল্লাশির এক পর্যায়ে ওই বাড়ির একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় চারজনকে উদ্ধার করে।
ইব্রাহীম ও ইউসুফ জানায়, এক দল দুর্বৃত্ত গত ১১ নভেম্বর তাদের স্থানীয় মিঠাপানিরছড়া থেকে অপহরণ করে ওই বাড়িতে নিয়ে আসে।
পরে তাদের পরিবারকে মোবাইল ফোনে জানানো হয়, তারা (ইব্রাহীম ও ইউসুফ) মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে থাইল্যান্ড সীমান্তে আটকা পড়েছে। তাদের মুক্ত করতে তিন লাখ টাকা করে লাগবে।
উদ্ধার হওয়া চারজন বর্তমানে টেকনাফ থানা হেফাজতে রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আবু জার আল জাহিদ।
