যুদ্ধাপরাধীদের বিচার : সম্মিলিতি সাংস্কৃতিক জোটের পদযাত্রা
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় বাস্তবায়নের দাবি জানিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
একইসঙ্গে রাজাকার ও জঙ্গিবাদমুক্ত মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক দেশ গঠনের শপথ গ্রহণ করেছে সংগঠনটি।
শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের নেতা ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলায় শহীদ মিনার থেকে এই কর্মসূচি পালন করা হয়।
এরপর শুরু হয় শপথ গ্রহণ। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
গত ৮ নভেম্বর জোটের প্রথম জাতীয় সম্মেলন শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।
পদযাত্রা শুরুর আগে জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শতভাগ স্বচ্ছ ও সফলভাবে সম্পন্নের প্রক্রিয়া চলমান রেখে মহাজোট সরকার তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং জনগণের আস্থা রেখেছে।
‘‘অতিদ্রুত বিচারের রায় বাস্তবায়ন করে সকল যুদ্ধাপরাধী ও তাদের দোসরদেরকে এদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে। বাংলাদেশ এখন একটি অভূতপূর্ব অবস্থানে দাঁড়িয়ে আছে। যেখানে যুদ্ধাপরাধী ও তাদের দোসররা একদিকে কোনঠাসা অবস্থায় আছে। অন্যদিকে স্বাধীনতার চেতনার শক্তি সগৌরবে একত্রিত রয়েছে।’
তিনি বলেন, “আমেরিকা-ইউরোপীয় ইউনিয়ন দ্বিমুখী নীতি অবলম্বন করে বিচারের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে, যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইছে।
“কিন্তু ১৯৭১ এ সংগঠিত গণহত্যা, ধর্ষণ, লুন্ঠণ নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমরা এই সব শক্তির কাছে মাথা নত করবো না, এদেরকে রুখে দিতে রাজপথে থাকবো।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সংহতি জানিয়ে পদযাত্রায় গণতান্ত্রিক পার্টি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ আরও বেশকিছু সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এসময় জোটের সিলেট, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা পর্যায়ের কর্মী ও নেতারা এতে উপস্থিত ছিলেন।
