সিলেটে জামায়াতের মিছিল, সংঘর্ষ
সিলেট নগরীতে জামায়াত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যদের বহনকারী লেগুনার এক চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ লেগুনার চালকের নাম রুবেল আহমদ (২৫)। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানান, শনিবার দুপুর ১২টার দিকে নগরীর দরগাগেইট এলাকায় এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই শিবিরকর্মীর নাম জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা জানান, দুপুরে জামায়াত-শিবির কর্মীরা দরগাগেইট এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায় জামায়াত-শিবির কর্মীরা।
পরে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বহনকারী লেগুনার চালক রুবেল গুলিবিদ্ধ হন।
