রাজধানীতে ভুয়া সচিবসহ আটক ৪
সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর ফার্মগেইট থেকে এক জনকে আটক করেছে র্যাব।
আটক লিয়াকত আলী (৫২) দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০০৭ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে চাকরিচ্যুৎ হয়েছিলেন।
লিয়াকত ও তার গাড়ি চালক মিজানুর রহমানকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আটক করা হয় বলে শুক্রবার র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, লিয়াকতের দেওয়া তথ্য অনুযায়ী সকালে শ্যামলী শিশু মেলার কাছ থেকে তার দুই সহযোগী মাসুদ ও আল আমিনকে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিয়াকত আলী ১৯৮৮ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ‘শাখা সহকারী পদে’ চাকরিতে যোগ দেন। পরে ওই পদ প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত হয়।
“দীর্ঘ ১৯ বছর মন্ত্রণালয়ে চাকরির সুবাদে মন্ত্রণালয়ের কার্য পদ্ধতি ও আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ ও প্রভাব সম্পর্কে অনেক অভিজ্ঞতা তার ঝুলিতে জমা পড়ে।”
সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে লিয়াকত সহযোগী মাসুদ ও আল আমিনকে নিয়ে প্রতারক চক্র গড়ে তোলেন বলে র্যাব জানায়।
র্যাবের ভাষ্যমতে, চাকরি ও জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান ও তদবির করে দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে লিয়াকতের কাছে নিয়ে আসতেন মাসুদ ও আল আমিন।
লিয়াকত প্রয়োজন আনুযায়ী নিজেকে বাণিজ্য, স্বরাষ্ট্র, যোগাযোগ, শিল্প, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, যুগ্ম-সচিব আবার কখনো বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে তার প্রার্থীকে চাকরি দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সুপারিশ করতেন বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
জমিজমা সংক্রান্ত কাজের জন্য ৫০ হাজার, চাকরির জন্য সুপারিশে ১৫ থেকে ২০ হাজার টাকা এবং কেউ চাকরি পেলে তার কাছ থেকে এক থেকে দুই লাখ টাকা নেওয়ার কথা লিয়াকত স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
