অব্যবহৃত রয়েছে ল্যাপারোস্কোপিক মেশিনটি
চিকিৎসক না থাকায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ল্যাপারোস্কোপিক মেশিনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
ফলে পিত্তথলির পাথর অপসারণসহ এ সংশ্লিষ্ট নানা সেবা এ হাসপাতালের রোগীরা পাচ্ছেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পিত্তথলির পাথরসহ নানা অপারেশনের জন্য প্রায় তিন বছর আগে আনা হয় একমাত্র ল্যাপারোস্কোপিক মেশিনটি। প্রায় দেড় বছর আগে ২/৩ মাস ব্যবহারের পর আবার মেশিনটির ব্যবহার বন্ধ হয়ে যায়।
আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্যেষ্ঠ অস্ত্রোপচার বিশেষজ্ঞ চিকিৎসককে সহায়তা করার জন্য চিকিৎসক না থাকায় এ ধরনের রোগীদের অপারেশন করা যাচ্ছে না।
তিনি আরও জানান, দেড় বছর আগেই জ্যেষ্ঠ অস্ত্রোপচার বিশেষজ্ঞকে সহায়তাকারী চিকিৎসক নাদিম সরকার বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ায় অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তিন মাস আগে তিনি (নাদিম সরকার) আবার সদর হাসপাতালে যোগদান করেছেন। তবে, জরুরি বিভাগে চিকিৎসকের সংকট থাকায় তাকে জরুরি বিভাগে কাজে লাগানো হয়। এর ফলে ল্যাপারোস্কোপিক মেশিনটির চালু করা হয়নি এবং এ ধরনের অপারেশনও বন্ধ রয়েছে।
সদর হাসপাতালের জ্যেষ্ঠ অস্ত্রোপচার বিশেষজ্ঞ মো. মনিরুজ্জামান সরকার বলেন, “ল্যাপারোস্কোপিক অপারেশন করতে আমি সবসময়ই আগ্রহী। আমাকে সহায়তা করার জন্য চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি বলে এতদিন এ ধরনের অপারেশন বন্ধ রয়েছে।
"দেড় বছর আগে আমাকে সহায়তাকারী চিকিৎসক থাকা অবস্থায় দিনে ৪টি করে ল্যাপারোস্কোপিক অপারেশন করা হতো।
“এ ধরনের অপারেশন একটা দলীয় কাজ। একা এ কাজ করা যায় না।"
হাসপাতালটিতে অভিজ্ঞ সেবিকার সংকট থাকায় বর্তমানে ছোটখাটো অপারেশনে ওয়ার্ডবয়দের সহায়তাও নেওয়া হচ্ছে বলে জানান ওই চিকিৎসক।
