চট্টগ্রামে পাঁচ কেজি গাঁজাসহ আটক ২
বস্তায় করে প্রকাশ্যে গাঁজা পরিবহনের সময় চট্টগ্রাম নগরীতে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. হাসেম (২৫) ও সাগর দে (২১)।
এদের মধ্যে হাসেম কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং গ্রামের আবুল হোসেনের ছেলে। আর সাগর কক্সবাজার জেলার চকরিয়া থানার বরইতলী গ্রামের বিরণ দে’র ছেলে।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী হাছান চৌধুরী জানান, ঢাকা থেকে কাপ্তাইগামী একটি বাসে গাঁজা আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সকালে সিটি গেইট এলাকায় বাস থেকে নেমে ওই দুইজন একটি বস্তার দুই পাশ ধরে দ্রুত হেঁটে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে বস্তায় তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গাঁজা নিয়ে তারা চট্টগ্রাম আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
