বাংলাদেশে ‘আদর্শ গণতন্ত্র’ চায় ভারত: পিনাক
ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশে আদর্শ গণতান্ত্রিক পরিবেশ ‘ফিরে আসুক’ ভারত সেই প্রত্যাশাই করে।
শুক্রবার বাংলাদেশ-ভারত হাই কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আদর্শিকভাবে ভালো একটি নির্বাচন, সত্যিকারের একটি বিরোধী দল, প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে থাকুক এটা কে না চায়? গণতান্ত্রিক দেশ হিসেবে ইন্ডিয়াও এটা চায়।”
আগামীতে বাংলাদেশে ‘আদর্শ গণতান্ত্রিক পরিবেশ’ ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পিনাক।
গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মূল্যায়ন জানতে চাইলে এই কূটনীতিক বলেন, “এটা বাংলাদেশের বিষয়। আপনারা যেভাবে নির্বাচন করবেন যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে।”
ফাইল ছবি
বাংলাদেশে যখন সামরিক সরকার ছিল তখনো কূটনৈতিক সম্পর্ক অটুট থাকার কথা মনে করিয়ে দিয়ে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকায় দায়িত্ব্ পালন করা পিনাক বলেন, বাংলাদেশের নির্বাচনে কোন দল অংশগ্রহণ করল আর কোন দল করল না- তা ভারতের দেখার বিষয় নয়। এর মীমাংসা বাংলাদেশের জনগণই করবে।
তিস্তার পানিবণ্টন চুক্তি ও সীমান্ত চুক্তি দীর্ঘদিন ঝুলে থাকা প্রসঙ্গে এক প্রশ্নে পিনাক বলেন, “এগুলো অবশ্যই হবে। কারণ এই চুক্তিগুলো বাস্তবায়নের আগে যেসব কাজ আছে সেগুলো সম্পন্ন হয়েছে। তাই অমীমাংসিত এ বিষয়গুলো সুরাহা করতে আমরা বাধ্য, হয়তো সময় লাগছে।”
২০১০ সালে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়।
ওই সফরে স্থল সীমান্ত চুক্তি হলেও ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা থাকায় ঝুলে থাকে সে চুক্তির বাস্তবায়নও।
এসব চুক্তিতে সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ভারতে যেহেতু ‘ফেডারেল সরকার’ ব্যবস্থা চালু, সেহেতু কেন্দ্রের সঙ্গে প্রাদেশিক সরকারের বোঝাপড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
“তবে সব সমস্যা পেরিয়ে শিগগিরই এ দুটি চুক্তি সম্পন্ন হবে বলে আশা করি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট হলে বাংলাদেশ-ভারত হাই কমিশনার সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
