সিপিবির সভায় বোমার মামলায় বাদীকে জেরা
২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলার মামলার বাদী দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খানকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবীরা।
বৃহস্পতিবার ঢাকার চতুর্থ মহানগর বিশেষ ট্রাইব্যুনালে ওই ঘটনার বিস্ফোরক মামলার শুনানিতে হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন আসামির আইনজীবীর জেরার মুখোমুখি হন বতর্মানে সিপিবির উপদেষ্টা কমিটির এই সদস্য।
বাদীকে জেরার পর বিচারক মো. ইমরুল কায়েস আগামী ২০ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সালাহউদ্দিন হাওলাদার।
বোমা হামলার ১৩ বছর পর গত ৪ সেপ্টেম্বর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ২৩ অক্টোবর মনজুরুল আহসান জবানবন্দি দিয়েছিলেন।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় দলটির পাঁচ কর্মী নিহত এবং বহু আহত হন।
ঘটনার দিনই মামলা করেন তৎকালীন সিপিবি সভাপতি মনজুরুল আহসান। পরে পুলিশ হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরক ব্যবহারের অভিযোগে আরেকটি অভিযোগপত্র দেন।
আসামিদের মধ্যে মুফতি হান্নান, মাইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির, শওকত ওসমান ও মশিউর রহমান কারাগারে রয়েছেন।
পলাতক আসামিরা হলেন- আব্দুল হাই, শফিকুর রহমান, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল্লাহ মুত্তাকীন, আনিসুল ইসলাম মোরসালীন, রফিকুল ইসলাম মিরাজ।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৩ সালে এই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা সৈয়দ মোমিন হোসেন।
এরপর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার সঙ্গে যোগসূত্র পেয়ে ২০০৫ সালে আবার মামলাটির তদন্ত শুরু হয়। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে গত বছরের নভেম্বরে অভিযোগপত্র আদালতে জমা পড়ে।
