বরিশালে ইট ভাটার আগুনে দগ্ধ ১১
বরিশাল সদর উপজেলায় একটি ইটভাটায় অগ্নিকাণ্ডে ১১ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালুকদারের হাট হিজলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইট ভাটার মালিক আব্দুর রব মিয়া (৩৫), আল আরাফাহ ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান (৩৮), শাহাবুদ্দিন খোকন (৪০), জিয়াউর রহমান (২৮), হাসান (২৮), হেলাল (৩৮), রিপন (৩৫), আসাদুল (৩২), মিজান (৩০), আ. খালেক (৫০) ও রেজাউল ইসলাম (১৯)। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খালেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে হিজলতলা এলাকার ব্যবসায়ী আব্দুর রব মিয়ার মালিকানাধীন ‘এসএইচবি’ নামের ইটভাটায় এই মৌসুমের প্রথম ইট পোড়ানোর জন্য অগ্নিসংযোগের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল।
“দোয়া মোনাজাত শেষে ভাটায় অগ্নিসংযোগ করার সময় মেশিনে ত্রুটির কারণে আগুন বাইরের ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।”
শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. কামরুজ্জামান জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশের ৫ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। তবে কারো অবস্থা-ই গুরুতর নয়।
