২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়া থানার ওসিকে তলব

আদালতের নির্দেশ পেয়েও মামলা না নেওয়ায় কক্সবাজারের উখিয়া থানার ওসিকে সশরীরের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।

বাদীর আইনজীবী মো. জিয়া উদ্দিন জানান, উখিয়ার এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মেয়েটি নিজে বাদী হয়ে গত ২৩ জুলাই উখিয়ার সোনারপাড়ার মৃত হামিদ উল্লাহর ছেলে আবদুল হামিদের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দেন।

ওইদিন বিচারক এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে উখিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

কিন্তু আদেশের ৪ মাস পরও উখিয়া থানার ওসি মামলাটি গ্রহণ করেননি।

আইনজীবী জিয়া উদ্দিন বলেন, “মামলা না করে ওসি নানাভাবে হুমকি দেয়া শুরু করেন। ওসি নগদ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন।”

তিনি বলেন, বাদীর পক্ষে তিনি (অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন) বুধবার আদালতকে বিষয়টি অবহিত করেন।

থানার ওসির বিরুদ্ধে কেন ট্রাইব্যুনালের আদেশ অমান্য করার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আদালতে হাজির হয়ে দিতে বলা হয়েছে।

আগামী ২৩ নভেম্বর ওসিকে আদালতে হাজির হতে বলা হয় বলে এ আইনজীবী জানান।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি ওসি অংসা থোয়াই জানান, ২৩ জুলাই এ সংক্রান্ত কোনো মামলার নিদের্শনা তিনি পাননি। বাদীপক্ষের লোকজনকে হুমকিও দেননি।

আদালত হাজির হতে নিদের্শের আদেশ পেলে তিনি আদালতে হাজির হবেন বলে জানান।