সহযোগিতা পাইনি, সুবিচার হয়নি: খোকনের আইনজীবী
ফাঁসির রায়ে ফরিদপুরের নগরকান্দার জাহিদ হোসেন খোকনের সুবিচার হয়নি বলে মন্তব্য করেছেন তার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেওয়া আইনজীবী আব্দুস শুকুর খান।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে একাত্তরে ফরিদপুরের নগরকান্দায় হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ওই এলাকার রাজাকার কমাণ্ডার খোকনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এরপর আদালত চত্বরে প্রতিক্রিয়ায় আইনজীবী শুকুর বলেন, “রায়ে সুবিচার হয়নি। তিনি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন না। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনোটিই সত্য নয়।”
নগরকান্দা পৌরসভার মেয়র ও পলাতক বিএনপি নেতা খোকনের পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালালেও তার পরিবারের পক্ষ থেকে সহযোগিতা পাননি বলে জানান শুকুর।
“পরিবারের সদস্যরা সহযোগিতা করলে এবং আমি যে সাফাই সাক্ষীদের নাম দিয়েছিলাম তারা আসলে আদালতের রায় অন্যরকম হত,” বলেন তিনি।
১৯৭০ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে কাজ করা খোকন স্বাধীনতার পর বিএনপির রাজনীতিতে জড়ান। তিন বছর আগে নির্বাচনে জিতে নগরকান্দা পৌরসভার মেয়র হন ৬৬ বছর বয়সী এই যুদ্ধাপরাধী।
২০১২ সালের ১৬ এপ্রিল তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর পর থেকেই পলাতক খোকন। গত বছর ১৮ জুলাই অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আদালতের নির্দেশে খোকনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও তিনি হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই আদালত মামলার কার্যক্রম চালিয়ে যেতে বলে।
পলাতক খোকনের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে আব্দুস শুকুর খানকে আইনজীবী নিয়োগ দেন বিচারক। এরপর গতবছর ৯ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
খোকন এখন কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য নেই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে। তবে সুইডেনপ্রবাসী বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, সেখানেই বড় ছেলে ও মেয়ের সঙ্গে বহাল তবিয়তে রয়েছেন তিনি।
