২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামের উন্নয়নে বাধা আমলাতান্ত্রিক জটিলতাও’

অবকাঠামো ও গ্যাস বিদ্যুৎ সঙ্কট ছাড়াও আমলাতান্ত্রিক জটিলতার জন্য চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে চট্টগ্রামে এক গোলটেবিল বৈঠকে মত প্রকাশ করেছেন বক্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

এর পাশাপাশি বন্দর নগরীর বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন তারা।

বুধবার সকালে চট্টগ্রাম চেম্বার ‍অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে দৈনিক কালের কণ্ঠ ও চট্টগ্রাম চেম্বারের যৌথ আয়োজনে ‘বিনিয়োগের প্রথম পছন্দ চট্টগ্রাম, সম্ভাবনা কাজে লাগানোর সম্ভাবনা কতদূর’  শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বৈঠকে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, “বাণিজ্যের কেন্দ্রভূমি হিসেবে চট্টগ্রামের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। অবকাঠামো, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট এবং আমলাতান্ত্রিক জটিলতাই এর কারণ।

“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারণ কাজের ধীরগতি অত্যন্ত অপ্রত্যাশিত। বিমানবন্দরের ‍মাত্র ২০ শতাংশ ব্যবহার হয়। বিভিন্ন মহলের চাপে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এখনো অপারেটর নিয়োগ দেয়া যাচ্ছে না।”

বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দর খান বলেন, “জনগণের দুর্দশা বাড়ে এমন উন্নয়ন হচ্ছে। ফলে অবকাঠামো উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে না।

“সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রকল্পের কথা বোঝায়। প্রধানমন্ত্রী ভাবেন, হয়তো এটাই ঠিক আছে। কিন্তু চট্টগ্রামের রাজনৈতিক নেতারা কোথায়? উন্নয়ন পরিকল্পনার দায়িত্ব রাজনীতিবিদদেরই নিতে হবে।”

অধ্যাপক সিকান্দর খান বলেন, “সিডিএ এখন বলছে ২০ বছর পর ফ্লাইওভারের সুফল পাবেন। তাহলে এই অবকাঠামো নির্মাণ এখন কেন? মাস্টার প্ল্যানের অগ্রাধিকার সুপারিশ অগ্রাহ্য করে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে।”

কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, “চট্টগ্রাম সারাদেশের বাতিঘর। শুধু চট্টগ্রামের সম্ভাবনা কাজে ‍লাগিয়েই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে পারে। কিন্তু নানা প্রতিকূলতায় ব্যবসায়ীরা এগুতে পারছে না।

“রাজধানী ঢাকা সাথে সড়ক ও রেল যোগাযোগ কাঠামোর উন্নয়ন হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামে বিনিয়োগ করবে। চট্টগ্রামের পর্যটন খাতও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে আলোচকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার পর নতুন আরেকটি এক্সপ্রেস ওয়ে নির্মাণ, রেলপথে লাকসাম-ঢাকা কর্ড লাইন নির্মাণ, নগরীতে পূর্ব-পশ্চিমে বিকল্প সড়ক, নগরীতে পয়ঃ বর্জ্য ব্যবস্থা গড়ে তোলা ও শোধনাগার নির্মাণ, বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং এর সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রামের উন্নয়নে নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চট্টগ্রামের সরকারি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের হাতে দেয়ার দাবি জানান।

বৈঠকে বক্তব্য দেন কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল্লাহ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ, বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ, বিকেএমইএ’র শুকত ওসমান, রিহ্যাব সভাপতি আবু সুফিয়ান, চেম্বার সহ-সভাপতি সৈয়দ ‍জামাল আহমদ প্রমুখ।