২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক যুবককে গুলি করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 06:09 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার এক পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ  করা হয় বলে জানায় বিজিবি।

মঙ্গলবার বিকালে নীলফমারীর ডিমলা উপজেলার চরখড়িবাড়ি সীমান্তে এক বাংলাদেশি যুবককে পায়ে গুলি করে বিএসএফ।

বিজিবি ৭ ব্যাটালিয়ন চরখড়িবাড়ি সীমান্ত ক্যাম্পের নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, সকালে নীলফামারীর চরখড়িবাড়ী সীমান্তে ৭৯৮ নম্বর প্রধান পিলারের কাছে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশি জেলেকে গুলি করায় দুঃখ প্রকাশ করেন ভারতের তিস্তাবস্তি বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিরা।

এছাড়া ভবিষ্যতে সীমান্তে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তারা প্রতিশ্রুতি দেন।

তিনি আরও জানান, মঙ্গলবারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের তিস্তাবস্তি ক্যাম্পে পত্র পাঠালে সকাল ১১টায় উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ ১৩ ব্যাটালিয়ান তিস্তাবস্তি কোম্পানি কমান্ডের এ্যাসিটেন্ট কমান্ডার মুজিব খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ও বিজিবি ৭ ব্যাটালিয়ন ডিমলা থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার মোবাশ্বের খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকালে নীলফমারীর ডিমলা উপজেলার চরখড়িবাড়ি সীমান্তে ৭৯৮ পিলারের অদুরে তিস্তা নদীতে মাছ ধরছিলেন মোশাররফ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি জেলে। এ সময়  বিএসএফের সাত  জোয়ান  বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ওই জেলেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় পাশের ভুট্টা ক্ষেতে থাকা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যদের এলোপাথাড়ি গুলি করলে মোশাররফ হোসেন ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন।

পরে বিএসএফ  সদস্যরা চলে গেলে কৃষকরা মোশাররফকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করেন।