কর্ণফুলীতে নতুন সেতু নির্মাণের দাবি
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ।
মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের চট্টগ্রাম কার্যালয়ে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান তারা।
মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নির্মাণকাজের উদ্বোধন এবং চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪, ৩৬, ৩৮ ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করতে বুধবার বন্দর নগরীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবৃতিতে বলা হয়, “চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালুরঘাট সেতু নির্মাণের বিষয়ে আলোচনা চট্টগ্রামবাসীকে আশান্বিত করেছিল।
“কিন্তু বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও এই সেতু নির্মাণের বিষয়ে কোনো অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে না। এমনকি জনপ্রতিনিধিরাও কোনো আশার বাণী শোনাতে পারছেন না।”
বর্তমান সরকারের আমলে বোয়ালখালী-কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরুর আশা প্রকাশ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিদাতারা হলেন-সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম, সদস্য সচিব রমেন দাশগুপ্ত, জ্যেষ্ঠ সদস্য আব্দুল মান্নান, সিরাজুল হক বাদশা, যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল সরকার, আলমগীর মোর্শেদ বাবু, সেলিম চৌধুরী, সমন্বয়ক উত্তম সেনগুপ্ত, সৈয়দ সোহেল উদ্দীন, এমএ তাহের টুটুল, খন্দকার সালেক ও তৌফিক আল ইসলাম।
কর্ণফুলী নদীর বোয়ালখালী-কালুরঘাট অংশে সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ও দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মানুষ।
