২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

মহাসড়কে নছিমন, করিমন চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে সিলেট বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী ৩০  নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. জমির আহমদ।

তিনি বলেন, “পরিবহন মালিক-শ্রমিদের সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার ও চার জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। এতে সাত দফা দাবি বাস্তবায়নে প্রশাসন আশ্বাস দিয়েছে। তাই আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।”

দাবি বাস্তবায়ন শুরু না হলে আবার ধর্মঘটের ডাক দেয়া হবে বলেও জানান ওই শ্রমিক নেতা।

সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান জানান, পরিবহন মালিক- শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় হয়েছে। এর প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

গত শনিবার সংবাদ সম্মেলন করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করে।

এদিকে, ধর্মঘট প্রত্যাহারের পর সন্ধ্যায় সিলেট থেকে দুর পাল্লার বাস ছাড়তে শুরু করেছে। চলাচল শুরু করেছে আন্তঃজেলা বাসও।

সাত দফা দাবির মধ্যে রয়েছে, সিএনজিচালিত অটোরিকশা, ইমা, লেগুনা ও হিউম্যান হলারের রেজিস্ট্রেশন বন্ধ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে ত্রি-হুইলার এবং নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারি চালিত ইজিবাইক ইত্যাদি গাড়ি চলাচল বন্ধ করা।

এছাড়া রয়েছে পুলিশি হয়রানি বন্ধ, বিআরটিএ সিলেট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা, বিআরটিসি সিলেট কমিটিতে পরিবহন মালিকদের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি।

পুরনো খবর:

পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন সিলেট, যাত্রী দুর্ভোগ