রিছাল হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ১৬
ব্রাহ্মণবাড়িয়ায় রিছাল হত্যা মালার প্রধান আসামি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দুর্জয় মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বেলা ১১টার দিকে মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহ্দানীর আদালতে হাজির সকরলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে আসামিদের গ্রেপ্তারের খবরে শহরের কান্দিপাড়া থেকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কান্দিপাড়া এলাকায় এসে শেষ হয়।
অভিযোগ রয়েছে, গত ৩১ অক্টোবর বেলা ১১টার দিকে ব্যবসায়ী রিছাল মিয়াকে (২৪) পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা রফিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ওইদিন রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিছাল মিয়া।
এ ঘটনার পরের দিন তার বাবা মো. ইয়াছিন মিয়া বাদী হয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক মিয়াকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
