গাজীপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গাড়িচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুই আরোহী।
সোমবার রাত সোয়া ১০টার দিকে আনন্দবাজার এলাকায় মাওনা-গাজীপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার এসআই মো. হাবিবুর রহমান।
নিহত নাসির (২২) শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকার বাসিন্দা ছিলেন।
আহতরা হলেন- আরিফুল ইসলাম (২৩) ও জিয়া (৩৫)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা মোটরসাইকেলে করে গাজীপুর থেকে মাওনা যাচ্ছিলেন তিন জন। পথে দ্রুতবেগে আসা একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নাসির মারা যান।
আহত দুই জনকে দ্রুত স্থানীয় আল হেরা ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
