২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে ড. কামাল, হট্টগোল

আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচিতে গিয়ে হট্টগোলের মুখে পড়েছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 01:40 AM

Updated : 13 Oct 2022, 12:47 PM

সোমবার বিকালে ব্রতী আয়োজিত এই মানববন্ধনে অংশ নিতে যান গণফোরাম সভাপতি। তখন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল ছাত্র সেখানে অবস্থান নেয়।

এই ছাত্রদের অধিকাংশই ছাত্রলীগকর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানায়; যদিও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় নেতারা সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে কোনও কর্মসূচি দেওয়ার কথা অস্বীকার করেছেন।

বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক গত বুধবার দুই ভাগ্নীকে নিয়ে কার্জন হলে ঘুরতে গেলে সেখানে শহীদুল্লাহ হল ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের লাঞ্ছিত করে।

ইমতিয়াজ বেগ শাহবাগ থানায় মামলা করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে চার ছাত্রকে চিহ্নিত করে সোমবার তাদের সাময়িকভাবে বহিষ্কার করে।

বেগের ওপর হামলার প্রতিবাদে এর আগেই ব্রতী মানববন্ধনের কর্মসূচি দিয়েছিল।

পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে বিকালে তাদের যাওয়ার আগেই ‘সাধারণ ছাত্র’রা শহীদ মিনারে অবস্থান নেয়।

শহীদ মিনারের সামনের সড়কে মানবন্ধনকারীদের ব্যানারে লেখা ছিল- ‘সন্ত্রাসীর কবল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও’। ওই ছাত্ররা এতে আপত্তি জানিয়ে স্লোগান তোলে- ‘আমাদের সন্ত্রাসী বললো কেন, প্রশাসন জবাব চাই’, ‘ক্যাম্পাসে অশ্লীলতা, আমরা হতে দিব না’।

বিকাল সোয়া ৪টার দিকে কামাল হোসেন মানববন্ধনে যোগ দিলে তাকে ওই ছাত্ররা ‘ভুয়া-ভুয়া’ রব তোলে।

এর প্রতিক্রিয়ায় শহীদ মিনারে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কামাল হোসেন বলেন, “ওরা কারা। তাদের নাম-পরিচয় দিন। শহীদ মিনার কি কারও বাপের সম্পত্তি? অনুমতি না থাকলে তারা কিভাবে এল। আমরা কি এ জন্যই পশ্চিমাদের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ মিনার অর্জন করেছি।

“আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাদের এখানে আধা মিনিটও সহ্য করতেন না। লোক পাঠিয়ে দিতেন, গুন্ডাদের এখানে এক মুহূর্তও থাকতে দিতেন না। কান ধরে ধরে শহীদ মিনার থেকে নামিয়ে দিতেন।”

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “আমাকে কিছু মেয়ে অভিযোগ করেছে। তাই বিচারের দাবিতে এখানে এসেছি। আমরা বিএনপি-জামায়াতের লোক নই, দুষ্কৃতিকারীও নই।”

“আপনারা শাপলা (পুলিশের মনোগ্রাম) পরা মানুষ। আপনারা তো সরকারের বাইরে কিছু করতে পারেন না। কাউকে এত খুশি করার কী আছে? কাউকে তো চিরদিন ক্ষমতায় রাখা যাবে না,” পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন গণফোরাম সভাপতি।  

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাঙ্গা পুলিশ নিয়ে আসে। তখন শহীদ মিনারে অবস্থানরত ওই ছাত্ররা উত্তেজিত হয়ে উঠলে পুলিশকে সরে যেতে বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী।  

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসিত এলাকায়। এখানে পুলিশের কিছু করার নেই।”

এ বিষয়ে অধ্যাপক আমজাদ বলেন, “ব্রতী অনুমতি নিলেও ভিন্ন ব্যানারে একাধিক সংগঠন এই মানববন্ধনে উপস্থিত হয়, যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে।”