২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের ছেলের উক্তি, ‘দম্ভোক্তি’

মো. কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে সর্বোচ্চ আদালতের রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ বলেছেন জামায়াতে ইসলামীর এই নেতার ছেলে, যা আদালত অবমাননার শামিল মনে করছেন অ্যাটইর্ন জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 12:48 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

গত ৩ নভেম্বর কামারুজ্জামানের চূড়ান্ত রায়ের পর দণ্ড কার্যকর এবং রিভিউ আবেদন নিয়ে চলমান বিতর্কের মধ্যে সোমবার সংবাদ সম্মেলন করেন এই যুদ্ধাপরাধীর বড় ছেলে হাসান ইকবাল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে আপিল বিভাগের রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ দাবি করে তিনি বলেন, “আমার বাবা সোহাগপুরসহ কোনও হত্যাকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না।

“রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে তাকে জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। অত্র মামলায় আনীত অভিযোগের সঙ্গে তার দূরতম কোনও সম্পর্কও নেই।”

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় রিভিওয়ের সুযোগ পাওয়ার প্রত্যাশা জানিয়ে হাসান বলেন, তাতে তার বাবা খালাস পাবেন বলে তিনি আশা করেন।

একাত্তরের যুদ্ধাপরাধের দুটি অভিযোগে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের আপিলে সোহাগপুরে ১২০ জনকে হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।

হাসান বলেন, “আমার বাবা কখনও সোহাগপুর যাননি। এমনকি রাষ্ট্রপক্ষের দায়ের করা ফরমাল চার্জেও সোহাগপুর গণহত্যার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এমন অভিযোগ করা হয়নি।”

সোহাগপুর গণহত্যায় কামারুজ্জামানের জড়িত থাকার কথা কোনও প্রমাণ নেই দাবি করে তিনি বলেন, “কোনও বই বা ডকুমেন্ট নেই। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।”

এ প্রসঙ্গে শেরপুরের গণহত্যা নিয়ে সাংবাদিক মামুনুর রশীদের ‘সোহাগপুরের বিধবা কন্যারা’ এবং মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদারের ‘মুক্তিযুদ্ধে নালিতাবাড়ী’ নামে দুটি বই এবং সাংবাদিক আফসান চৌধুরীর ‘ইন শ্রাবণ আই রিমেম্বার দ্যা ম্যাসাকার অফ সোহাগপুর ইন ১৯৭১’ শিরোনামের তিনটি প্রবন্ধের কথা উল্লেখ করেন।

কামারুজ্জামানে ছেলের সংবাদ সম্মেলনের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তার বক্তব্য ছিল ‘শালীনতাবর্জিত দম্ভোক্তি’।

“বিশেষ করে ন্যায়ভ্রষ্ট কথাটা তাকে কে শিখিয়ে দিয়েছে, আমি জানি না। এটার সম্পূর্ণ অর্থ জেনেই বলা উচিৎ। অবশ্যই আদালতের প্রতি এ ধরনের বক্তব্য অবমাননাকর।”

অ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামানের ছেলে যে কথাগুলো সংবাদ সম্মেলনে বলেছেন, একই কথা তাদের আইনজীবীরাও শুনানিতে বলেছিলেন। আর এসব বক্তব্য বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত দিয়েছে।

কামারুজ্জামানের রায় রিভিউ ও দণ্ড কার্যকরের বিষয়ে তিনি বলেন, তার বিভিন্ন বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে উদ্ধৃত করা হচ্ছে।

“কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা হলে সরকারের সিদ্ধান্তে দণ্ড কার্যকর হবে। সুতরাং সরকার যেভাবে সময় দেবে, সেভাবেই তা কার্যকর হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমি সব সময় বলেছি, রিভিউ চলবে না। সংবিধান পড়ে আমি যা বুঝেছি, এটা আমার বক্তব্য। আপিল বিভাগ যদি কাদের মোল্লার রিভিউয়ের রায়ে বলে দেয় যে রিভিউ চলবে। তাহলে তখন বলা যাবে যে আমার বক্তব্য সঠিক ছিল না। কিন্তু যে পর্যন্ত রায় না প্রকাশিত হবে, সে পর্যন্ত আমি যেটা বলেছি, সেটা সংবিধানের উপর নির্ভর করেই বলেছি।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আসামিপক্ষ রিভিউয়ের আবেদন করলেও সেজন্য দণ্ড স্থগিত থাকবে না। আপিল বিভাগ স্থগিতাদেশ দেওয়ার আগ পর্যন্ত দণ্ড কার্যকরের প্রক্রিয়া কারা কর্তৃপক্ষ চলমান রাখবে।

আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলার দ্বিতীয় রায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা মৃত্যুদণ্ড থেকে কমে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর ট্রাইব্যুনালকে সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তা জানানো হয় বলে জানান মাহবুবে আলম।

“কাজেই কামারুজ্জামানের ক্ষেত্রেও তা হতে পারে। ট্রাইব্যুনালকে জানালে ট্রাইব্যুনাল ডেথ ওয়ারেন্ট আদেশ করতে পারে, আপিল বিভাগ এখন পর্যন্ত কোনও সংক্ষিপ্ত আদেশ দেননি। এতে আমি বুঝে নিচ্ছি, তারা পুরো রায়ই হয়ত দেবেন।”

এদিকে যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে সর্বোচ্চ আদালতের দেওয়া ফাঁসির রায় বাস্তবায়নের উদ্যোগ নিলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবু বকর সিদ্দিক নামে এক আইনজীবী।

তিনি সোমবার স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় কারাগারের জেলারকে ডাকযোগে এই নোটিস পাঠান।

এতে আবু বকর বলেন, “এই নোটিসের বিবাদীরা আপিল বিভাগের রায়ের আলোকে কামারুজ্জামানকে অবৈধভাবে ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন।

“আপনাদের সরকার সংবিধান লঙ্ঘন করে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। তাই কামারুজ্জামানকে শাস্তি দেওয়ার কোনও এখতিয়ার আপনাদের সরকারের নেই।”