২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কারাফটকে ফের গ্রেপ্তার শিবির নেতা

জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে আবার গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কুতুব উদ্দিন শিবলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার দুপুরে সাতকানিয়া থানার বিস্ফোরক ও নাশকতা আইনের দুই মামলায় জেলা পুলিশ তাকে আটক করে।

সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবলী উত্তর জেলার রাজনীতির সাথে জড়িত থাকলেও নাশকতাসহ বিভিন্ন ঘটনায় তিনি দক্ষিণ জেলায় দায়িত্বরত ছিলেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সাতকানিয়া এলাকায় বিভিন্ন নাশকতার ঘটনায় শিবলী জড়িত ছিল বলে দাবি করেন ওসি খালেদ।

তিনি বলেন, “ওই সময়ে সাতকানিয়া থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।”  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. আব্দুস সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবলীর বিরুদ্ধে সীতাকুণ্ড, ফটিকছড়ি, নগরীর পাহাড়তলী ও বন্দর থানায় বেশ কিছু মামলা আছে।

“১৬টি মামালায় জামিনের পর নতুন করে সীতাকুণ্ড থানার তিনটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল।”

ডেপুটি জেলার সেলিম আরও বলেন, “সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই তিনটি মামলায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই বাছাই করে দুপুরে তাকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়।”