চট্টগ্রামে পোশাক শ্রমিক খুন
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।
রোববার রাতে শাপলা আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান।
নিহত ইকবাল হোসেন আকাশ (৩২) উত্তর কাট্টলী এলাকার ‘লাকী গার্মেন্ট’ এর শ্রমিক ছিলেন। তার পৈত্রিক বাড়ি ফিরোজ শাহ এলাকায় হলেও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন শাপলা আবাসিক এলাকায়।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর বাড়ির বাইরে বসে ছিলেন ইকবাল। এ সময় কয়েকজন যুবক তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“স্থানীয়দের কাছ থেকে আমরা জেনেছি রোববার সকালে এক যুবক তার বান্ধবীকে নিয়ে শাপলা আবাসিক এলাকায় বেড়াতে গেলে ইকবাল তাদের বিভিন্ন প্রশ্ন করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন।”
এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে আব্দুল মজিদ জানান।
এ ঘটনায় নিহতের ভাই মো. এজাজ সোমবার সকালে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে আকবর শাহ থানায় একটি মামলা করেছেন।
