নরসিংদীতে তাবলিগ জামাতের অবস্থান নিয়ে সংঘর্ষ, নিহত ১
নরসিংদীর বেলাব উপজেলায় একটি মসজিদে তাবলিগ জামাতদের অবস্থান করা নিয়ে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বেলাব থানার ওসি বদরুল আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় তাবলিগ জামাতের ২০/২৫ জন মুসল্লি বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে নামাজ পড়েন। রাতে তারা মসজিদে থাকতে চাইলে মসজিদের ইমাম আলী আকবর (৩৮) আপত্তি করেন।
কিন্তু তাবলিগের লোকজন তাতে সাড়া না দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর তাবলীগের লোকজন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে বিষয়টি জানালে পুলিশ এসে ইমাম আকবরকে আটক করে।
এতে উত্তেজিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে এলাকাবাসী। এক পর্যায়ে তাবলিগের লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
সংঘর্ষের সময় আহত ছয়জনকে রাতেই রায়পুরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর সেলিম মিয়া (৩৫) নামের এক রিকশাচালককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক সাব্বির আহমেদ জানান, সেলিমের মাথায় আঘাত লেগেছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, “সামাজিক সিদ্ধান্ত উপেক্ষা করে পুলিশ সুপার তার সিদ্ধান্ত বহাল রাখতে পুলিশ দিয়ে লাঠিপেটা ও গুলি চালায়।”
বেলাব থানার ওসি বদরুল আলম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে বাধ্য হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যেই একজন মারা গেছেন।”
সংঘর্ষের পরপরই তাবলিগ জামাতের দলটি ওই এলাকা ত্যাগ করে। তবে সোমবার সকালেও এলাকার পরিস্থিতি থমথমে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বেলাব থানার ওসি বদরুল আলম জানান।
