বেনাপোলে আসবাবের দোকানে ‘হেরোইন’, কর্মচারী আটক
যশোরের বেনাপোলে একটি আবসাবের দোকান থেকে প্রায় চার কেজি ‘হেরোইন’ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সন্ধ্যার দিকে বাহাদুরপুর সড়কের ‘মিতু ফার্নিচার’ নামের ওই দোকানে অভিযান চালিয়ে এক কর্মচারীকে আটক করা হয়েছে।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, পাচারের জন্য হেরোইন রাখার তথ্য পেয়ে তারা ওই দোকানে অভিযান চালান।
“দোকানে রাখা একটি বক্স খাট তল্লাশি করে কাঠের ভেতরে খোপ কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৫ প্যাকেট হেরোইন পাওয়া যায়।”
তিন কেজি সাতশ গ্রাম ওজনের ওই ‘হেরোইনের’ আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর।
আটক শরিফ হোসেন (২৮) বেনাপোলের গয়ড়া গ্রামের বাসিন্দা। তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
