২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে ‘দুর্নীতি’: সওজ প্রকৌশলীকে তলব

সড়ক ও জনপথের (সওজ) দুর্নীতি সংক্রান্ত রিটের রুলের জবাব না দেওয়ায় বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 10:15 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

সওজ নিয়ে খবর: দুই সাংবাদিক কারাগারে
সওজের মামলা: দুই সাংবাদিকের জামিন
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সওজের সম্পদ `আত্মসাত'

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ আগামী ২৩ নভেম্বর ওই প্রকৌশলীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ একটি নিলাম প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ওই ঘটনায় গত ২৭ মে জনস্বার্থে একটি রিট আবেদন করেন রাজিব বসু নামের এক সাংবাদিক।

এ আবেদনে ছয় জনকে বিবাদী করা হয়। এরা হলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সওজ এর প্রধান প্রকৌশলী, বরিশাল সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পটুয়াখালী জেলা প্রশাসক, পটুয়াখালী পুলিশ সুপার ও পটুয়াখালী সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

রিট আবেদনকারীর আইনজীবী জেসমিন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিট আবেদন করার পর সওজ এর ওই নিলাম প্রক্রিয়া কীভাবে হয়েছিল তার ব্যাখ্যা করতে এবং বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে প্রথম তিন বিবাদীর বিরুদ্ধে রুল জারি করে হাই কোর্ট।

অর্থাৎ যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সওজর প্রধান প্রকৌশলী ও বরিশাল সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন গত ১৬ জুনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছিল।

কিন্তু বিবাদীরা হাই কোর্টের ওই নির্দেশ পালন করতে ব্যর্থ হন।

আইনজীবী জেসমিন নাহার বলেন, এ কারণে সওজ এর বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে আগামী ২৩ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে এর কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন তিনি নিজে (জেসমিন), ব্যারিস্টার শামসুল হক খান ও ব্যারিস্টার নাজমুল হক।

এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

রিট আবেদনের নথি থেকে জানা যায়, পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের বেইলি সেতুর স্টিল ও লোহার কোটি কোটি টাকার মালামাল মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় অস্তিত্বহীন তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

এছাড়া নিলাম প্রক্রিয়ায়ও যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি।

এ তিন প্রতিষ্ঠান হলো মেসার্স গাজী ট্রেডিং কর্পোরেশন, মেসার্স কর্ণফুলি ইঞ্জিনিয়ারিং ও মেসার্স নাজমা এন্টারপ্রাইজ।  

বিষয়টি নিয়ে ‘অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সওজর নিলাম’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।