আঞ্চলিক সহযোগিতা: তিন রাষ্ট্রদূতের ‘বিরল’ সফর শুরু
আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে এক বিরল সফরে বাংলাদেশ ছেড়েছেন ভারত, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত।
সড়ক পথে চার দিনের এই সফরে তিন রাষ্ট্রদূত চার দেশের মধ্যে পরস্পরযুক্ত স্থল বন্দরগুলো পরিদর্শন করবেন।
রোববার সকালে ঢাকা থেকে রওনা হন ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন ও নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারতের সীমান্ত বুড়িমারী-চ্যাংরাবান্ধা পরিদর্শন করেন।
ঢাকায় কর্মরত প্রতিবেশী এই তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া) জাহিদ-উল ইসলামও রয়েছেন।
পরিদর্শন শেষে এই কূটনৈতিক দল সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেন।
সফরকারীরা বাংলাদেশ-ভারত-ভুটান-নেপাল সীমান্তে স্থল বন্দরগুলোর কার্যক্রম এবং ইমিগ্রেশন সেন্টারগুলো পরিদর্শন করবেন। স্থলবন্দরগুলোর অবকাঠামো দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করবেন কূটনীতিকরা।
বাংলাদেশ-ভারতের বুড়িমারী-চ্যাংরাবান্ধা, ভারত-ভুটানের ফুন্তশিলিং-জয়গাঁও, নেপাল-ভারতের কাকরভিটা-পানিতাংকি স্থল বন্দরে যাবে এই কূটনৈতিক দলটি।
সফরকালে ভুটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নেপালের মেচি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পশ্চিমবঙ্গের ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ নর্থ বেঙ্গল এবং বাংলাদেশের পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রদূতরা।
স্থলবেষ্টিত নেপাল ও ভুটান বাংলাদেশের সমুদ্র বন্দরের সুবিধা যেমন নিতে চায়। তেমনি বাংলাদেশের সঙ্গেও এই দুটি দেশের বাণিজ্য রয়েছে।
বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটানের স্থল যোগাযোগের ক্ষেত্রে ভারতের সহযোগিতা নিতে হয়, কেননা দুটি দেশের সঙ্গে বাংলাদেশ সীমান্তের মাঝে রয়েছে ভারতের স্থলভাগ।
