মিরপুরে জাল নোট ‘প্রস্তুতকারী’ ৮ জন গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে জাল নোট প্রস্তুতকারী চক্রের আট সদস্যকে টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রোববার এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে মিরপুর থানা এলাকার ফালগুনি রোডের একটি বাসায় অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮৬ লাখ জাল টাকা, ২৪ লাখ অর্ধ ছাপানো জাল টাকা, জাল টাকা ছাপানোর কাগজ, ২০টি ফ্রেম, নিরাপত্তা সুতা, পাঁচটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, পাঁচটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রফিকুল ইসলাম, মো. বাসেদ আলী, মো. দুলাল হোসেন, মো. শফিকুল ইসলাম ওরফে রাসেল, মো. রফিকুল ইসলাম, মো. কামাল ফরাজী, মো. সেন্টু হাওলাদার ও মো. মনির খা।
যুগ্ম কমিশনার মনিরুল সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা এক লাখ জাল টাকা তৈরি করে ১২ হাজার টাকায় তা বিক্রি করতো। তাদের খরচ হতো তিন হাজার টাকা। লাভ হতো নয় হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বলেন, “চক্রটি অর্ডারে জাল টাকা তৈরি করতো। প্রতিদিন এক কোটি টাকার জাল নোট তৈরি করতে সক্ষম মেশিন ছিল তাদের।”
তিনি জানান, কোরবানির ঈদের পর থেকে এ পর্যন্ত জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ২৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। তারা শহরের বাইরে গ্রামে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
