গাইবান্ধায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত পারভেজ মিয়া (০৭) উপজেলার মাস্তা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে এবং ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফাঁসিতলা একরামুল হক আইডিয়াল কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
তিনি বলেন, "রংপুর থেকে বগুড়াগামী একটি কাঠবোঝাই ট্রাক ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় স্কুলগামী পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
“এ ঘটনায় এলাকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে এবং এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
