চট্টগ্রামে কেক খেয়ে হাসপাতালে ১০ শিশু
চট্টগ্রামের মাস্টারপুল বৌ বাজারে খোলা কেক খেয়ে দশ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বৌ বাজার এলাকার আবু তাহের কলোনি থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক আবুর বাশার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে ভর্তি করানো সকল শিশুই বাকলিয়া থানার বৌ বাজার এলাকার আবু তাহের কলোনির বাসিন্দা।
আবুল বাশার বলেন, তাদের অভিভাবকরা জানিয়েছে শিশুরা কলোনির বাইরের রাস্তায় খোলা কেক কিনে খাওয়ার পর থেকেই সকলেরই বমি ও মাথা ঘোরানোর উপসর্গ দেখা দেয়।
হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা হল- মো. ইমরান (৫), আল আমীন (৭), জান্নাত (৩), সুমাইয়া (৯), ইয়াসিন (১২), আরিফ হোসেন (৩), মিম (৬), রাকিব হোসেন (৪), মো. সালাউদ্দিন (১৫) ও সুমাইয়া (৪)।
চিকিৎসাধীন শিশু আল আমীনের বাবা খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কলোনির বাইরে এক মহিলা খোলা কেক বিক্রি করতে আসে। শিশুরা তার কাছ থেকে কেক কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।”
