২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাত দখলে রাখতে সড়ক অবরোধ

গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফুটপাত দখলকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকদের একাংশ। এতে ওই এলাকায় আধাঘণ্টা বন্ধ থাকে যানবাহন চলাচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 12:53 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মনজুর রহমান বলেন, রোববার বেলা ১১টা থেকে ফুলবাড়িয়া এবং গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়ক অবরোধ করে শ্রমিকদের একটি অংশ।

"এ সময় গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।"

বাংলাদেশ বাস মালিক সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ বলেন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়িয়া বাসস্টেশনের রাস্তার পাশের ফুটপাত দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল।

কিছুদিন আগে পরিবহন শ্রমিক লীগ নাম দিয়ে গাজী বাচ্চু নামে এক ব্যক্তি ফুলবাড়িয়া বাসস্টেশন এলাকার ফুটপাত ইজারা নেওয়ার দাবি করেন।

রোববার সকালে তারা ফুটপাতের দখল নিতে এলে পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন শ্রমিক লীগের লোকজনদের বাধা দেন। পরে এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।