মানিকগঞ্জে ইউপির নারী সদস্য খুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মনোয়ারা বেগম (৬০) বায়রা ইউনিয়ন পরিষদের চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
তিনি জামালপুর গ্রামের নূরুল ইসলামের স্ত্রী।
সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান জানান, রোববার ভোরের দিকে জামালপুরের একটি রাস্তার পাশে আনোয়ারার লাশ দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জমিসংক্রান্ত কোনো বিরোধের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
২০১১ সালের ১৮ জুনের ইউপি নির্বাচনের ভোটে মনোয়ারা ওই তিন ওয়ার্ডে নির্বাচিত হন।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত মনোয়ারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। গ্রামে তাদের প্রায় ১০ শতাংশ জমি নিয়ে আত্মীয়দের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে গত ১৮/২০ বছর ধরে মামলাও চলছে। সম্ভবত এর জেরে তিনি খুন হয়ে থাকতে পারেন।”
