মালয়েশিয়াগামী ১২ অবৈধ যাত্রী উদ্ধার, ৩ দালাল আটক
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার থেকে ১২ জনকে উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে টেকনাফে ও দুপুরে কক্সবাজার শহরের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, বিজিবি অভিযানে উদ্ধার হওয়া চার যাত্রীকে ১৬৪ ধারায় জবানবন্দি নিতে কক্সবাজার আদালতে নেওয়া হয়। এসময় তাদের দেওয়া তথ্যমতে তিন দালালকে রাতে আটক হয়।
কোর্ট পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, সকালে টেকনাফের পশ্চিম মুন্ডার ডেইল গ্রামের মো. সৈয়দ আলমের বাড়ি তল্লাশি করে চারজনকে উদ্ধার করে বিজিবি। পরে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।
ওই চারজন যাত্রী হলেন- মো. ইমন ভুইয়া (১৮), মো. মেহেদী হাসান (১৯), মো. আব্দুল্লাহ (২০) ও নরসিংদীর মো. শামীম (১৮)।
কক্সবাজার সদর থানার এসআই যশ চাকমা জানান, দুপুরে কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ এলাকা একটি মাইক্রোবাস থেকে মালেয়শিয়াগামী আট যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এরা হলেন, নারায়ণগঞ্জের বগাদি গ্রামের নবী হোসেন, সাদিকুল ইসলাম, ইয়াছিন, কামাল হোসেন, হারেছ, ইয়াকুব, রিপন ও নরসিংদীর শিবপুরের শরীফ।
উদ্ধার হওয়া মালেয়শিয়াগামীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে একটি মামলা করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরী।
