যুদ্ধাপরাধীদের শাস্তি নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পদযাত্রা
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে শাস্তি বাস্তবায়নের দাবিতে ১৫ই নভেম্বর পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “আগামী ১৫ নভেম্বর বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকল স্তরের মানুষের অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই কর্মসূচিটি সারাদেশেও পালিত হবে।”
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কারণ হিসেবে সংস্কৃতি পরির্বতনকে দায়ী করে তিনি বলেন, ‘‘বর্তমানে দেশের যে সাংস্কৃতিক পটপরিবর্তন হয়েছে, তা আরো বেগবান করতে হলে সাংস্কৃতিক ক্ষেত্রে আরো বেশি মনোযোগ দিতে হবে।
“জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক চর্চাকে দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে।’’
জোটের সাবেক সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “সমাজের প্রতিটি পরিবর্তনের সাথে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। সামাজিক ও সাংস্কৃতিকভাবে আঘাত দিয়ে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে নির্মূল করতে হয়।
“রাজনৈতিক বিজয়কে সুসংহত করতে হয় সাংস্কৃতিক আন্দোলন দিয়ে। তাই অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদেরকে রাজপথে থাকতে হবে।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “সাংস্কৃতিক কর্মীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক-সাংস্কৃতিক চেতনা। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম তাদের সুর পরিবর্তন করতে শুরু করেছে।
“এই সুসংহত অবস্থাকে ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “আমাদের সব সংস্কৃতি কর্মীদের হৃদয়ের কথা হচ্ছে যুদ্ধাপরাধী ও রাজাকার মুক্ত এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের গঠন যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না দুর্নীতি। দেশ এখন সেই পথে এগিয়ে যাচ্ছে।”
এ সময় জোটের সিলেট, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের নেতারাসহ দেশের বিভিন্ন জেলা পর্যায়ের কর্মী ও নেতারা উপস্থিত ছিলেন।
