খাগড়াছড়িতে বাস খাদে পড়ে নিহত ১ পুলিশ, আহত ২০
খাগড়াছড়ি শহরের প্রবেশ পথে বাস খাদে পড়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ি -চট্টগ্রাম মহাসড়কে আলুটিলা ময়লার ডিপো এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী বাসটি উল্টে গেলে অন্তত ২০ জন আহত হয়েছে।
নিহত আবু বক্করসহ আহতরা সবাই খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা থেকে ৫০ জন পুলিশ সদস্যকে নিয়ে বাসটি খাগড়াছড়ি আসছিল। ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০-৪০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে জেলা সদর থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জিব ত্রিপুরা জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
