রাজধানীতে ভুয়া পুলিশ আটক
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে একজনকে আটক করেছে পুলিশ।
এম আর রেজার (৩৫) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। এলাকায়ও তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে খিলগাঁওয়ের ব্লক-এ’র ১৪ নম্বর বাসা থেকে রেজাকে আটক করা হয়।
“দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বহু লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
“নিজের গ্রামেও সবাই তাকে প্রতারক হিসেবে চেনে বলে সেখানকার পুলিশ জানিয়েছে।”
রেজার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মোস্তাফিজুর জানিয়েছেন।
