দরিদ্রদের উন্নয়নে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেছেন, তা টেকসই ও লাভজনক করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে।
শনিবার চীনের রাজধানী বেইজিংয়ের ফ্যাং হুয়া হলে ‘ডায়ালগ অন স্ট্রেনদেনিং কানেকটিভিটি পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে রাষ্ট্রপতি একথা বলেন।
আগামী ১০-১১ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠেয় ‘এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ইকোনমিক লিডারস’ বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী দেশুগুলোকে নিয়ে মতবিনিময়ের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সংলাপের আয়োজন করেন।
চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সংলাপে যোগ দিয়েছেন আবদুল হামিদ।
সংলাপে চীন ও বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মঙ্গোলিয়া, লাওস, তাজিকিস্তান, মালয়েশিয়া, কম্বোডিয়া ও মিয়ানমারের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
আবদুল হামিদ বলেন, “প্রায় এক দশক ধরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যোগাযোগের নানামুখী উন্নয়ন হয়েছে। সুদৃঢ় বহুমুখী সংযোগ এশিয়ার বিভিন্ন অঞ্চলের অর্থনীতিকে যুক্ত করতে ভূমিকা রেখেছে।”
বাংলাদেশ দূরপ্রাচ্য, দক্ষিণপূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগের সেতুবন্ধ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের বন্দরগুলো দূরপ্রাচ্য, দক্ষিণপূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগের সেতুবন্ধ হয়ে উঠবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবে।
“এছাড়া সার্ক ও বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ায় উপ-আঞ্চলিক ফ্রেমওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বাংলাদেশ।”
তিনি বলেন, “যোগাযোগের ধারণাকে বৃহৎ অর্থে দেখা উচিত। জ্ঞান, সংস্কৃতি, পরিবহন, প্রযুক্তি, পণ্য, সেবা ও বিনিয়োগসহ বিভিন্ন কারণে আমাদের একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হয়।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর তৈরি করতে কাজ করছে জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, এই অর্থনৈতিক করিডোর চীনকে প্রাচীন দক্ষিণাঞ্চলীয় সিল্ক রোড পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।
অন্য দেশগুলোর জন্য এই করিডোর মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের পথ তৈরিতে সহযোগিতা করবে। পাশাপাশি এই করিডোর বিভিন্ন জাতি ও দেশের মধ্যে যোগাযোগ গড়ে তুলবে।
এই অর্থনৈতিক করিডোর বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী ও জাতিসত্তার মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
