২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসির চার শিক্ষার্থী পেল ২ ঘণ্টা

জেএসসি পরীক্ষা শুরুর দিন বরগুনার আমতলী উপজেলায় একটি কেন্দ্রে মাত্র ২ ঘণ্টা লেখার সময় পেয়েছে চার পরীক্ষার্থী।

মনির হোসেন কামাল

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 09:17 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

শুক্রবার মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয়ের ৫ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছিল বাংলা ১ম পত্র পরীক্ষার নির্ধারিত সময়।

শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা জানান, চার শিক্ষার্থীকে দেওয়া হয় পুরনো প্রশ্নপত্র। কিন্তু দেড়ঘণ্টা পর বিষয়টি ধরা পড়লে তাদের নতুন প্রশ্নপত্র দেওয়া হয় এবং পরীক্ষা শেষে তাদের অতিরিক্ত আধঘণ্টা সময় দেওয়া হয়।

চার পরীক্ষার্থী হলো এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অনিক (রোল নং ১২১৮৯৩), মেহেদি হাসান রাব্বি (রোল নং ১২১৮৯৪), তমাল  ( রোল নং ১২১৮৯২) ও সাইফুল রাব্বি (রোল নং ১২১৮৯১)।

তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পরীক্ষার শুরুতে তাদের ২০১২ সালের সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা চলার পর প্রশ্নে অমিল থাকায় বিষয়টি ধরা পড়ে।

তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের বিষয়টি জানানো হলে তারা প্রশ্নপত্র বদলে নতুনটি দেন।

পরবর্তীতে দেড়ঘণ্টা বর্ধিত সময় দেওয়ার কথা থাকলেও তাদের মাত্র ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে জানায় মেহেদি হাসান রাব্বি।

কেন্দ্র সচিব নাসির উদ্দিন জানান, অভিযোগ আসার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়া হয়েছে।

বরগুনা জেলা শিক্ষা অফিসার গোলাম মর্তুজা বলেন, এবার ২০১২ সালের ২/৩ পরীক্ষার্থী আছে। তাদের জন্য এই প্রশ্নপত্রগুলো আনা হয়েছিল। তাদেরকে দেওয়ার পরও অতিরিক্ত যে চারটি প্রশ্নপত্র ছিল ওগুলো ‘ভুলবশত’ ১৪ সালের শিক্ষার্থীদের দেওয়া হয়।

তিনি আরও বলেন, “পরীক্ষা শুরুর দেড়ঘণ্টা পর বিষয়টি ধরা পড়ে। তখন তাদেরকে নতুন করে আবার প্রশ্নপত্র দেওয়া হয়। তাদের আধাঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হয়। সর্বমোট দুইঘণ্টা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তারা।”

পুরো ব্যাপারটির জন্য নিজেদের ভুল স্বীকার করেন তিনি।