২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে কারখানায় পুড়ল লাখ কম্বল

রাজধানীর বকশিবাজার এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েক কোটি টাকার কম্বল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 07:11 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

ঢাকা কারাগারের কম্বল কারখানায় আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে কারাগারের সীমানা প্রাচীরের ভেতরে ‘কাজল উলেন মিলস লিমিটেড’ নামের ব্যক্তি পরিচালিত ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিক নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বলছেন, ২ লাখ ৮০ হাজার কম্বল পুড়ে তার ২১ থেকে ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এমন এক সময়ে কারাগারের সীমানার ভেতরে এই অগ্নিকাণ্ড ঘটল, যখন যুদ্ধাপরাধ মামলার ফাঁসির আসামি মোহাম্মদ কামারুজ্জামান ওই কারাগারেই বন্দি। ওই কারখানা ও গুদামের ফুট দশেক দূরেই কয়েদী ও হাজতিদের এলাকার সীমানা প্রাচীর শুরু।

আগুন লাগার পরপর নিরাপত্তার স্বার্থে পুরো কারাগারের সীমানার বাইরে অবস্থান নেয় পুলিশ। বাহিনীর অতিরিক্ত মহা পরিদর্শক শহিদুল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম তদারক করেন।

বেশ বড় পরিসরের একতলা এই কারখানা ও গুদামের অবস্থান আইজি প্রিজন অফিসের পাশেই। দীর্ঘমেয়াদি ইজারায় সাংসদ বেলাল এ কারখানা চালান। বাইরের শ্রমিকদের দিয়েই সেখানে কম্বল তৈরি করা হয়।

বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় দেড় শতাধিক শ্রমিক কারখানায় কাজ করছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে যায়।” তিনি বলেন, শীত মৌসুম সামনে রেখে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য ২ লাখ ২১ হাজার ৪০০ এবং কারা কর্তৃপক্ষের জন্য ২০ হাজার কম্বল তৈরি করা হয়েছিল। এর বাইরে আরো কম্বল এবং কাঁচামাল রাখা ছিল। আগুনে সবই পুড়ে গেছে। এই কারখানায় ১৫ বছর ধরে কাজ করছেন ময়মনসিংহের ইদ্রিস আলী (৪০)। তিনি জানান, আরো তিনজনের সঙ্গে কাটিং মেশিনে কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। চলন্ত মেশিন থেকে আগুনের স্ফূলিঙ্গ ছিটকে কম্বলে আগুন ধরে যাওয়ার পর তা দ্রুত গুদামে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলার চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক জিয়াদুল ইসলাম জানান, আগুন লাগার পর কারখানার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কম্বলের গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।”

তিনি জানান, অগ্নিকাণ্ডে কেউ দগ্ধ হননি। তবে ধোঁয়ায় কয়েকজন সামান্য অসুস্থ হয়ে পড়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কারাগারে প্রায় ছয় হাজার বন্দি আছেন। তাদের মধ্যে চার থেকে পাঁচ জন ডিভিশনপ্রাপ্ত।

কারখানার পরিচালক বেলাল জানান, ১৯৩৪ সাল থেকে কারাগারের সীমানায় ওই কারখানা রয়েছে। ১৯৫৯ সালে একবার কারখানাটি বন্ধ হয়েছিল।

১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কারাগারে বন্দি থাকাকালে কম্বল বানানো শেখেন জানিয়ে তিনি বলেন, “কারাগার থেকে মুক্তির পর ১৯৮০ সালে আমি কারাখানাটি ৯৯ বছরের জন্য লিজ নিই।”

১৯৮২ সালেও এই কারাখানায় একবার আগুন লেগেছিল বলে জানান তিনি।

বেলাল বলেন, প্রথমে কারখানায় কয়েদিরা কাজ করলেও ঝামেলার কারণে এক সময় কিছু দিন কারখানা বন্ধ রাখেন। পরে বাইরের শ্রমিকদের দিয়ে কম্বল বানানো শুরু করেন।