ঢাকা কারাগারের কম্বল কারখানায় আগুন
রাজধানীর বকশি বাজার এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ন্ত্রিত একটি কম্বল কারখানায় আগুন লেগেছে।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই কম্বলের কারখানাটির অবস্থান কেন্দ্রীয় কারাগারের আইজি প্রিজন অফিস সংলগ্ন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে পৌঁছে নেভানোর কাজ শুরু করেছে।”
চক বাজার থানার ওসি আজিজুল হক, “এটি নিয়ন্ত্রিত এলাকা। জেল কর্তৃপক্ষই ওই কারখানা দেখাশোনা করেন। কম্বল তৈরির সঙ্গেও জেল পুলিশ যুক্ত। কয়েদিরা এর সঙ্গে যুক্ত নন।”
অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই একতলা ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানান তিনি।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী।
