ঢাবিতে দ্বিতীয় সুযোগ চেয়ে আন্দোলনরতদের মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ এ হামলা চালিয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই শাহেব আলী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তবে কারা এ ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তান্নি মুসরা নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “সকাল সাড়ে ১০টা থেকে রাজু ভাস্কর্যের সামনে ব্যানার ও মাইকসহ অবস্থান নিয়ে আমরা বিক্ষোভ করছিলাম। বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্ত এসে আমাদের জিজ্ঞাসা করে তোমরা কারা? তোমরা কি আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট, আইডি কার্ড আছে?"
দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে তারা আন্দোলন করছেন জানানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ওই স্থান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় এবং তাদের মারধর শুরু করে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের ব্যানার ছিড়ে ফেলে এবং একটি মাইক কেড়ে নেয় বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানান, ঘটনার সময় তিনি পাশেই ছিলেন। বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সভাপতি দারুল সালামের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা করে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল শাখা ছাত্রলীগে সভাপতি দারুল সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। হামলার সময় ঘুমোচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।
ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ বলেন, "হামলার ঘটনা শুনেছি। তবে ছাত্রলীগের কেউ এ হামলায় জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
