কামারুজ্জামানের দণ্ড কার্যকর সময়ের ব্যাপার: অ্যাটর্নি জেনারেল
মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সরকার ও তার আইনজীবীদের বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবার বলেছেন, এই যুদ্ধাপরাধীর রায় বাস্তবায়নে এখন আর কোনও বাধা নেই।
তিনি বৃহস্পতিবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “একটা রায় ঘোষণা হয়েছে। কার্যকর হওয়া সময়ের ব্যাপার মাত্র।
“সময়ের ব্যাপারের ব্যাখ্যাটি হল এক সপ্তাহ হতে পারে, তিন দিন হতে পারে, সুপ্রিম কোর্টের আদেশ পাওয়া সাপেক্ষে এক মাসও হতে পারে।”
একদিন আগে আইনমন্ত্রী আনিসুল হকও একই মত প্রকাশ করে বলেছিলেন, দণ্ড কার্যকরের প্রস্তুতি নিতে তিনি কারা কর্তৃপক্ষকে ‘নির্দেশ’ দিয়েছেন।
তবে মন্ত্রীর এই নির্দেশ ‘কর্তৃত্ববহির্ভূত’ বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর এই নেতার আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনিসহ চার আইনজীবী বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দণ্ডিত কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন।
গত সোমবার আপিলের চূড়ান্ত রায়ের পরদিন কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর থেকে ঢাকার কারাগারে আনা হয়। এরপর বুধবার আসামির স্ত্রী সন্তানরা তার সঙ্গে দেখা করতে গেলে মৃত্যুদণ্ড কার্যকরের গুঞ্জন ছড়ায়।
তার মধ্যেই আইনমন্ত্রী বলেন, আসামির দণ্ড কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
আসামি পক্ষ সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার কথা বললেও আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল উভয়ই বলছেন, সেই সুযোগ নেই। আসামির এখন শুধু রাষ্ট্রপতির কাছে মার্জনা চাওয়ার সুযোগ রয়েছে।
দণ্ড কার্যকর প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার বলেন, সরকারের নির্দেশে দণ্ড কার্যকর করা হয়। কাজেই এটা সরকার যেদিন ঠিক করবে সেদিনই হবে।
ক্ষমা প্রার্থনার বিষয়ে তিনি বলেন, “তাকে যদি বলা হয় প্রাণ ভিক্ষা চাইবেন কি না? উনি বলবেন সাত দিন পর জানাবেন, তা হবে না।
“কিন্তু জানানোর পরে রাষ্ট্রকে এতদিন অপেক্ষা করতে হবে, এটি ঠিক না। সুযোগটা তাকে দিতে হবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কি না, এটা তার সিদ্ধান্ত।”
অ্যাটর্নি জেনারেল আবারও বলেন, সংক্ষিপ্ত রায়েই দণ্ড কার্যকর করা যাবে।
“তবে সম্পূর্ণ বিষয়টি আপিল বিভাগের ওপর নির্ভর করছে যে তারা সম্পূর্ণ রায় দেবেন নাকি সংক্ষিপ্ত রায় দেবেন।”
মাহবুবে আলম
“এখন আপিল বিভাগ যদি সম্পূর্ণ রায় পাঠান বা সিদ্ধান্ত নেন যে সম্পূর্ণ রায় পাঠাবেন এটা তাদের বিষয়। তারা যদি মনে করেন, সংক্ষিপ্ত রায় পাঠাবেন, এটাও তাদের বিষয়।”
এর আগে সকালে সাবেক শিবির নেতা শিশির মনিরসহ চার আইনজীবী কারাফটকে প্রায় পৌনে এক ঘণ্টা কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন। অন্য তিনজন হলেন- এহসান এ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ, মশিউল আলম।
শিশির মনির সাংবাদিকদের বলেন, “পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশনের আবেদন করা হবে। সেই রিভিউ পিটিশনের পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আসবে।”
এই ক্ষেত্রে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদনের প্রসঙ্গও টানেন শিশির মনির।
গত বছর জামায়াতের আরেক সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায় বাস্তবায়নের সময়ই রিভিউ নিয়ে প্রথম জটিলতা দেখা দেয়। ওই রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ চান কাদের মোল্লা।
এ নিয়ে দুই পক্ষের বক্তব্য শুনে আপিল বিভাগ কাদের মোল্লার আবেদন খারিজ করে দেয়।
ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশিত না হওয়ায় আসামি ও রাষ্ট্রপক্ষ দুই রকম দাবি করে আসছে।
