নৌ-বাহিনীর জন্য তৈরি হলো তেলবাহী ট্যাঙ্কার
বাংলাদেশ নৌ-বাহিনীর জন্য তৈরি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার হস্তান্তর করেছে নারায়ণগঞ্জের ‘আনন্দ শিপইয়ার্ড’।
বৃহস্পতিবার বিকালে সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে এই ট্যাঙ্কার নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
মন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গোপসাগরের নিচের অমূল্য সম্পদ আহরণের জন্য দেশে প্রচুর বড় জাহাজ প্রয়োজন। এজন্য দেশের জাহাজ নির্মাণ খাতের সক্ষমতা আরো বাড়াতে হবে।
এক্ষেত্রে আনন্দ শিপইয়ার্ডের মতো দেশের জাহাজ তৈরি প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন করে দুই হাজার কিলোমিটার নৌ-পথ খনন করেছে। আরো খনন কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ৫৩টি নদীর নৌ-পথ খনন করার জন্য ২০০৯ সালে ১১ হাজার ৪৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ঢাকার চারপাশের নদীরগুলোর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ২১ কিলোমিটার ওয়ার্কওয়ে নির্মাণ করা হয়েছে। নদীর দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর কমোডর নেভাল প্লানিংয়ের পরিচালক এম মূসা, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহেল বারী প্রমুখ।
এছাড়া নৌবাহিনী, নৌমন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনন্দ শিপইয়ার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ কেটি টাকা ব্যয়ে নির্মিত এই জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারটির ওজন ২ হাজার ৭৭৪ ডিডাব্লিউটি (ডেড ওয়েট টন)। এতে দুটি যুদ্ধ জাহাজে দেওয়ার মতো তেল ধারণ করা যায়।
ঘণ্টায় ২৪ দশমিক ৫ কিলোমিটার গতিতে চলমান অবস্থায় তেল সরবরাহে সক্ষম এই ট্যাঙ্কার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে জাহাজ রপ্তানি শিল্পে প্রথম কোম্পানি হলো আনন্দ শিপইয়ার্ড। এই শিপইয়ার্ডটি দেশের পাশাপাশি বহির্বিশ্বে রপ্তানি করার জন্যও জাহাজ তৈরি করছে। গত ত্রিশ বছরে এ শিপইয়ার্ডে ছোট বড় ৩১৫টি জাহাজ নির্মাণ হয়েছে।
২০০৮ সালে প্রথম ডেনমার্কে জাহাজ রপ্তানি করে আনন্দ শিপইয়ার্ড। প্রথম তিন বছরে আনন্দ শিপইর্য়াড জার্মানি, ডেনমার্ক, মোজাম্বিক, মালদ্বীপসহ বিশ্বের ১৩টি দেশে জাহাজ রপ্তানি করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
