হবিগঞ্জে র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা
আটকের পর চাঁদা দাবি ও মারধরের অভিযোগে র্যাব-৯ এর অধিনায়কসহ পাঁচ সদস্যের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে হবিগঞ্জের একটি আদালতে।
আসামিরা হলেন, র্যাব-৯ এর সিও এএন মোছাব্বির, ডিএডি মো. সানিউল ইসলাম, র্যাব সদস্য পিবি তাহের, এবি ফারুখ ও এএনবি কামাল।
এছাড়া র্যাব-৯ এর অজ্ঞাত পরিচয় সাত জনকেও আসামি করা হয়।
বাদীর আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু জানান, আদালত মামলাটি গ্রহণ করে হবিগঞ্জের সিভিল সার্জন নাসির উদ্দিন ভুঁইয়াকে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত মঙ্গলবার আশুরার দিন সন্ধ্যায় তাজিয়া মিছিল থেকে বাদীর ভাগ্নে দ্বীন ইসলামকে চোখ বেঁধে গাড়িতে তুলে নেয় র্যাব সদস্যরা। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এতে অপারগতা জানালে তাকে প্রচণ্ড মারধর করে।
পরে সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র্যাব।
